এবং সততযুক্তা যে ভক্তাস্ত্বাং পর্যুপাসতে।
যে চাপ্যক্ষরমব্যক্তং তেষাং কে যোগবিত্তমাঃ।।১
অনুবাদ
অর্জুন কহিলেন — যে সকল ভক্ত সতত ত্বদগতচিত্ত হইয়া তোমার উপাসনা করেন ও যাঁহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন — এই উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ সাধক?
ময্যাবেশ্য মনো যে মাং নিত্যযুক্তা উপাসতে।
শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততমা মতাঃ।।২
অনুবাদ
শ্রীভগবান বলিলেন — যাঁহারা আমাতে মন নিবিষ্ট করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধাসহকারে উপাসনা করেন — আমার মতে তাঁহারাই যুক্ততম, অতএব শ্রেষ্ঠ সাধক।
যে ত্বক্ষরমনির্দেশ্যমব্যক্তং পর্যুপাসতে।
সর্বত্রগমচিন্ত্যঞ্চ কূটস্থমচলং ধ্রুবম্।।৩
সংনিয়ম্যেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ।
তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতাঃ।।৪
অনুবাদ
কিন্তু যাঁহারা সর্বত্র সমবুদ্ধিযুক্ত এবং সর্বপ্রাণীর হিতে রত হইয়া ইন্দ্রিয়সমূহকে বিষয় হইতে প্রত্যাহৃত করিয়া সেই অনির্দেশ্য, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত্য, কূটস্থ, অচল, ধ্রুব, অক্ষরব্রহ্মের উপাসনা করেন — তাঁহারাও আমাকে প্রাপ্ত হন।
ক্লেশোহধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম্।
অব্যক্তা হি গতির্দুঃখং দেহবদ্ভিরবাপ্যতে।।৫
অনুবাদ
অব্যক্ত নির্গুণব্রহ্মে আসক্তচিত্ত সেই সাধকগণের সিদ্ধিলাভে অধিকতর ক্লেশ হয়, কারণ দেহধারিগণ অতি কষ্টে নির্গুণব্রহ্মবিষয়ক নিষ্ঠা লাভ করিয়া থাকেন।
যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাঃ।
অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে।।৬
তেষামহং সমুদ্ধর্তা মৃত্যুসংসারসাগরাৎ।
ভবামি ন চিরাৎ পার্থ ময্যাবেশিতচেতসাম্।।৭
অনুবাদ
কিন্তু যাঁহারা সমস্ত কর্ম আমাতে অর্পিত করিয়া অনন্যযোগে ধ্যাননিরত হইয়া আমার উপাসনা করেন — হে পার্থ, আমাতে সমর্পিতচিত্ত সেই ভক্তগণকে আমি অচিরাৎ মৃত্যুময় সংসারসাগর হইতে উদ্ধার করিয়া থাকি।
ময্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধিং নিবেশয়।
নিবসিষ্যসি ময্যেব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ।।৮
অনুবাদ
স্থাপন করো আমাতে মন, নিবিষ্ট করো আমাতে বুদ্ধি। দেহান্তে তাহা হইলে আমাতেই স্থিতি করিবে — ইহাতে সন্দেহ নাই।
অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম্।
অভ্যাসযোগেন ততো মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়।।৯
অনুবাদ
হে ধনঞ্জয়, আমাতে যদি চিত্ত স্থির রাখিতে না পার — তাহা হইলে অভ্যাসযোগদ্বারা চিত্তকে সমাহিত করিয়া আমাকে পাইতে চেষ্টা করো।
অভ্যাসেহপ্যসমর্থোহসি মৎকর্মপরমো ভব।
মদর্থমপি কর্মাণি কুর্বন্ সিদ্ধিমবাপ্স্যসি।।১০
অনুবাদ
অভ্যাসেও যদি অসমর্থ হও — মৎকর্মপরায়ণ হও। আমার প্রীতিসাধনার্থ কর্মের অনুষ্ঠান করিলেও তুমি সিদ্ধিলাভ করিবে।
অথৈতদপ্যশক্তোহসি কর্তুং মদ্যোগমাশ্রিতঃ।
সর্বকর্মফলত্যাগং ততঃ কুরু যতাত্মবান্।।১১
অনুবাদ
ইহাতেও যদি অশক্ত হও — তাহা হইলে আমাতে কর্মার্পণরূপ যোগ আশ্রয় করিয়া সংযতাত্মা হইয়া সমস্ত কর্মের ফল ত্যাগ করো।
শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাজ্জ্ঞানাদ্ ধ্যানং বিশিষ্যতে।
ধ্যানাৎ কর্মফলত্যাগস্ত্যাগাচ্ছান্তিরনন্তরম্।।১২
অনুবাদ
জ্ঞান শ্রেষ্ঠ অভ্যাস অপেক্ষা। জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগ ধ্যান অপেক্ষা শ্রেষ্ঠ। এই রূপ ত্যাগের পরই শান্তিলাভ হইয়া থাকে।
অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ।
নির্মমো নিরহংকারঃ সমদুঃখসুখঃ ক্ষমী।।১৩
অনুবাদ
যিনি কাহাকেও দ্বেষ করেন না, যিনি সকলের মিত্রভাবাপন্ন ও দয়াবান, যিনি মমতাশূন্য ও অহংকারবর্জিত, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন ও ক্ষমাশীল।
সন্তুষ্টঃ সততং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়ঃ।
ময্যর্পিতমনোবুদ্ধির্যো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ।।১৪
অনুবাদ
সদাসন্তুষ্ট, সমাহিতচিত্ত, সংযতস্বভাব, দৃঢ়বিশ্বাসী — যাঁহার মনবুদ্ধি আমাতে অর্পিত, ঈদৃশ মদ্ভক্ত আমার প্রিয়।
যস্মান্নোদ্বিজতে লোকো লোকান্নোদ্বিজতে চ যঃ।
হর্ষামর্ষভয়োদ্বেগৈর্মুক্তো যঃ স চ মে প্রিয়ঃ।।১৫
অনুবাদ
কোনো প্রাণী যাঁহা হইতে উদ্বেগ প্রাপ্ত হয় না এবং যিনি স্বয়ং কোনো প্রাণী কর্তৃক উত্যক্ত হন না, যিনি হর্ষ, অমর্ষ, ভয় ও উদ্বেগ হইতে মুক্ত — তিনি আমার প্রিয়।
অনপেক্ষঃ শুচির্দক্ষ উদাসীনো গতব্যথঃ।
সর্বারম্ভপরিত্যাগী যো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ।।১৬
অনুবাদ
সব বিষয়ে যিনি নিস্পৃহ, শৌচসম্পন্ন, কর্তব্যকর্মে অনলস, পক্ষপাতশূন্য, মনঃপীড়াহীন এবং ফলকামনা করিয়া যিনি কোনো কর্ম আরম্ভ করেন না — এতাদৃশ ভক্ত আমার প্রিয়।
যো ন হৃষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি।
শুভাশুভপরিত্যাগী ভক্তিমান্ যঃ স মে প্রিয়ঃ।।১৭
অনুবাদ
ইষ্টলাভে যিনি হৃষ্ট হন না, দ্বেষ করেন না, শোক করেন না, আকাঙ্ক্ষা করেন না, কর্মের শুভাশুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়াছেন — ঈদৃশ ভক্তিমান্ সাধক আমার প্রিয়।
সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ।
শীতোষ্ণসুখদুঃখেষু সমঃ সঙ্গবিবর্জিতঃ।।১৮
অনুবাদ
যিনি শত্রু-মিত্রে, মান-অপমানে, শীত-উষ্ণে, সুখ-দুঃখে সমত্ববুদ্ধিসম্পন্ন, যিনি সব বিষয়ে আসক্তিবর্জিত।
তুল্যনিন্দাস্তুতির্মৌনী সন্তুষ্টো যেন কেনচিৎ।
অনিকেতঃ স্থিরমতির্ভক্তিমান্ মে প্রিয়ো নরঃ।।১৯
অনুবাদ
স্তুতি বা নিন্দায় যাঁহার তুল্যজ্ঞান, যিনি সংযতবাক্, যদৃচ্ছালাভে সন্তুষ্ট, গৃহাদিতে মমত্ববুদ্ধিবর্জিত এবং স্থিরচিত্ত — ঈদৃশ ভক্তিমান্ ব্যক্তি আমার প্রিয়।
যে তু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে।
শ্রদ্দধানা মৎপরমা ভক্তাস্তেহতীব মে প্রিয়াঃ।।২০
অনুবাদ
মৎপরায়ণ ও শ্রদ্ধাবান্ হইয়া যাঁহারা পূর্বোক্ত অমৃততুল্য এই ধর্মের অনুষ্ঠান করেন — সেই সকল ভক্তিমান আমার অতীব প্রিয়।
ইতি ভক্তিযোগ নামক
দ্বাদশ অধ্যায় সমাপ্ত।
শ্রীমদ্ভগবদ্গীতোপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং
যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে
ভক্তিযোগো নাম দ্বাদশোহধ্যায়ঃ