🪔

ওঁ নমো ভগবতে বাসুদেবায়

শ্রীমদ্ভগবদ্গীতা

ষষ্ঠ অধ্যায়

ধ্যানযোগ

Dhyana Yoga

শ্লোক ৪৭

মন ও ইন্দ্রিয় সংযম করিয়া ধ্যানযোগের অনুশীলন।
নির্বাত স্থানে দীপশিখার ন্যায় স্থির চিত্তই যোগের লক্ষণ।
যোগভ্রষ্টের অধোগতি নেই — পরবর্তী জন্মে পূর্ণতা।

↓ নিচে স্ক্রল করুন
শ্রীভগবানুবাচ
✦ প্রকৃত যোগী ও সন্ন্যাসী ✦

অনাশ্রিতঃ কর্মফলং কার্যং কর্ম করোতি যঃ।
স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ।।১

অনুবাদ

শ্রীভগবান কহিলেন — কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া কর্তব্যকর্ম করেন যিনি, তিনিই যোগী ও সন্ন্যাসী। যিনি যজ্ঞাদি শ্রৌতকর্ম ত্যাগ করিয়াছেন অথবা সর্ববিধ শারীরকর্ম ত্যাগ করিয়াছেন — তিনি নহেন।

যং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব।
ন হ্যসংন্যস্তসঙ্কল্পো যোগী ভবতি কশ্চন।।২

অনুবাদ

হে পাণ্ডব, সন্ন্যাস যাহাকে বলে তাহাই জানিও যোগ বলিয়া। কেন না সংকল্প ত্যাগ না করিলে কেহই যোগী হইতে পারে না।

আরুরুক্ষোর্মুনের্যোগং কর্ম কারণমুচ্যতে।
যোগারূঢ়স্য তস্যৈব শমঃ কারণমুচ্যতে।।৩

অনুবাদ

যোগে আরোহণেচ্ছু মুনির জন্য নিষ্কামকর্মই যোগসিদ্ধির কারণ। যোগারূঢ় হইলে চিত্তের সমতাই ব্রাহ্মীস্থিতিতে নিশ্চল থাকিবার কারণ।

যদা হি নেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্বনুষজ্যতে।
সর্বসংকল্পসন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে।।৪

অনুবাদ

সাধক যখন সর্বসংকল্প ত্যাগ করিয়া রূপরসাদি ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং কর্মে আসক্ত হন না — তখন তিনি যোগারূঢ় বলিয়া উক্ত হন।

✦ আত্মাই বন্ধু, আত্মাই শত্রু ✦

উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ।
আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ।।৫

অনুবাদ

আত্মার দ্বারাই আত্মাকে বিষয়কূপ হইতে উদ্ধার করিবে, আত্মাকে অবসন্ন করিবে না। কেন না আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার শত্রু।

বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতঃ।
অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ।।৬

অনুবাদ

যে আত্মাদ্বারা আত্মা বশীভূত হইয়াছে — সেই আত্মাই আত্মার বন্ধু। অজিতাত্মার ক্ষেত্রে আত্মা শত্রুর ন্যায় অপকারে প্রবৃত্ত হয়।

✦ জিতেন্দ্রিয় যোগীর লক্ষণ ✦

জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ।
শীতোষ্ণসুখদুঃখেষু তথা মানাপমানয়োঃ।।৭

অনুবাদ

জিতেন্দ্রিয়, প্রশান্ত অর্থাৎ রাগদ্বেষশূন্য ব্যক্তির পরমাত্মা শীত-গ্রীষ্ম, সুখ-দুঃখ অথবা মান-অপমান প্রাপ্ত হইলেও সমাহিত থাকে।

জ্ঞানবিজ্ঞানতৃপ্তাত্মা কূটস্থো বিজিতেন্দ্রিয়ঃ।
যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাশ্মকাঞ্চনঃ।।৮

অনুবাদ

যাঁহার চিত্ত শাস্ত্রোপদেশজাত জ্ঞান ও উপদিষ্টতত্ত্বের প্রত্যক্ষ অনুভূতির দ্বারা পরিতৃপ্ত, যিনি বিষয়সন্নিধানেও নির্বিকার ও জিতেন্দ্রিয়, মৃৎপিণ্ড পাষাণ ও সুবর্ণখণ্ডে যাঁহার সমদৃষ্টি — ঈদৃশ যোগীকে মুক্ত বলে।

সুহৃন্মিত্রার্যুদাসীনমধ্যস্থদ্বেষ্যবন্ধুষু।
সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে।।৯

অনুবাদ

সুহৃৎ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দ্বেষ্য, বন্ধু, সাধু ও অসাধু — সকলের প্রতি যাঁহার সমান বুদ্ধি, রাগদ্বেষশূন্য সেই সর্বদর্শী পুরুষই শ্রেষ্ঠ।

✦ ধ্যানযোগের অনুষ্ঠান ✦
১০

যোগী যুঞ্জীত সততমাত্মানং রহসি স্থিতঃ।
একাকী যতচিত্তাত্মা নিরাশীরপরিগ্রহঃ।।১০

অনুবাদ

একাকী নির্জন স্থানে যোগী থাকিয়া সংযতদেহ, সংযতচিত্ত, আকাঙ্ক্ষাশূন্য ও পরিগ্রহশূন্য হইয়া চিত্তকে সতত সমাধি অভ্যাস করাইবেন।

১১

শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ।
নাত্যুচ্ছ্রিতং নাতিনীচং চৈলাজিনকুশোত্তরম্।।১১

অনুবাদ

পবিত্র স্থানে নিজ আসন স্থাপন করিবে। আসন যেন অতি উচ্চ অথবা অতি নিম্ন না হয়। কুশের উপর ব্যাঘ্রাদির চর্ম ও তাহার উপর বস্ত্র পাতিয়া আসন প্রস্তুত করিতে হয়।

১২

তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যতচিত্তেন্দ্রিয়ক্রিয়ঃ।
উপবিশ্যাসনে যুঞ্জ্যাদ্ যোগমাত্মবিশুদ্ধয়ে।।১২

অনুবাদ

সেই আসনে উপবেশন করিয়া চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া সংযমপূর্বক মনকে একাগ্র করিয়া আত্মশুদ্ধির জন্য যোগ অভ্যাস করিবে।

১৩

সমং কায়শিরোগ্রীবং ধারয়ন্নচলং স্থিরঃ।
সম্প্রেক্ষ্য নাসিকাগ্রং স্বং দিশশ্চানবলোকয়ন্।।১৩

অনুবাদ

শরীর, মস্তক ও গ্রীবা সরলভাবে ও নিশ্চলভাবে রাখিয়া সুস্থির হইয়া আপনার নাসাগ্রে দৃষ্টি রাখিবে। এদিক ওদিক তাকাইবে না।

১৪

প্রশান্তাত্মা বিগতভীর্ব্রহ্মচারিব্রতে স্থিতঃ।
মনঃ সংযম্য মচ্চিত্তো যুক্ত আসীত মৎপরঃ।।১৪

অনুবাদ

প্রশান্তচিত্ত, ভয়বর্জিত, ব্রহ্মচর্যশীল হইয়া মনঃসংযমপূর্বক মৎপরায়ণ সদাগতচিত্ত হইয়া সমাধিস্থ হইবে।

১৫

যুঞ্জন্নেবং সদাত্মানং যোগী নিয়তমানসঃ।
শান্তিং নির্বাণপরমাং মৎসংস্থামধিগচ্ছতি।।১৫

অনুবাদ

পূর্বোক্ত প্রকারে নিরন্তর মনঃসমাধান করিতে করিতে মন একাগ্র হইয়া নিশ্চল হয়। এইরকম স্থিরচিত্ত যোগী নির্বাণরূপ পরম শান্তি লাভ করেন। এই শান্তি আমাতেই স্থিতির ফল।

✦ পরিমিত জীবনযাপন ✦
১৬

নাত্যশ্নতস্তু যোগোহস্তি ন চৈকান্তমনশ্নতঃ।
ন চাতিস্বপ্নশীলস্য জাগ্রতো নৈব চার্জুন।।১৬

অনুবাদ

হে অর্জুন, যিনি অত্যধিক আহার করেন, যোগ হয় না তাঁহার। অতিশয় নিদ্রালু বা অতি জাগরণশীলেরও যোগসমাধি হয় না।

১৭

যুক্তাহারবিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু।
যুক্তস্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা।।১৭

অনুবাদ

যিনি পরিমিতরূপ আহার বিহার করেন, পরিমিতরূপ কর্মচেষ্টা করেন, পরিমিতরূপে নিদ্রিত ও জাগ্রত থাকেন — তাঁহার যোগ দুঃখনিবর্তক হয়।

✦ যোগের চরম অবস্থা ✦
১৮

যদা বিনিয়তং চিত্তমাত্মন্যেবাবতিষ্ঠতে।
নিঃস্পৃহঃ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা।।১৮

অনুবাদ

যখন চিত্ত বিশেষরূপে নিরুদ্ধ হইয়া আত্মাতেই অবস্থিতি করে — তখন যোগী সর্বকামনাশূন্য হন। ঈদৃশ যোগীপুরুষই যোগসিদ্ধ বলিয়া কথিত হয়।

১৯

যথা দীপো নিবাতস্থো নেঙ্গতে সোপমা স্মৃতা।
যোগিনো যতচিত্তস্য যুঞ্জতো যোগমাত্মনঃ।।১৯

অনুবাদ

নির্বাত প্রদেশে স্থিত দীপশিখা যেমন চঞ্চল হয় না — আত্মবিষয়ক যোগাভ্যাসকারী সংযতচিত্ত যোগীর অচঞ্চল চিত্তের উহাই দৃষ্টান্ত।

২০

যত্রোপরমতে চিত্তং নিরুদ্ধং যোগসেবয়া।
যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি।।২০

অনুবাদ

যোগাভ্যাসদ্বারা নিরুদ্ধ চিত্ত উপরত হয় যে অবস্থায় ও আত্মাকে যে অবস্থায় আত্মাদ্বারা আত্মাতেই দেখিয়া পরিতোষলাভ হয়।

২১

সুখমাত্যন্তিকং যত্তদ্বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম্।
বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ।।২১

অনুবাদ

ইন্দ্রিয়ের অগোচর, কেবল শুদ্ধ বুদ্ধিগ্রাহ্য যে নিরতিশয় সুখ — যোগী সে অবস্থায় তাহাই অনুভব করেন ও যে অবস্থায় স্থিতি লাভ করিয়া আত্মস্বরূপ হইতে বিচলিত হন না।

২২

যং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ।
যস্মিন্ স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে।।২২

অনুবাদ

যে অবস্থা লাভ করিলে যোগী অন্য কোনো লাভ ইহা অপেক্ষা অধিক সুখকর বলিয়া বোধ করেন না ও যে অবস্থায় স্থিতিলাভ করিলে মহাদুঃখেও বিচলিত হন না।

২৩

তং বিদ্যাদ্দুঃখসংযোগবিয়োগং যোগসংজ্ঞিতম্।
স নিশ্চয়েন যোক্তব্যো যোগোহনির্বিণ্ণচেতসা।।২৩

অনুবাদ

দুঃখসংযোগের বিয়োগ হয় এইরূপ অবস্থায় — যোগশব্দবাচ্য এই দুঃখবিয়োগই। অভ্যাস সহকারে এই যোগ নির্বেদশূন্য চিত্তে করা কর্তব্য।

✦ চঞ্চল মনকে বশীভূত করা ✦
২৪

সংকল্পপ্রভবান্ কামান্ ত্যক্ত্বা সর্বানশেষতঃ।
মনসৈবেন্দ্রিয়গ্রামং বিনিয়ম্য সমন্ততঃ।।২৪

অনুবাদ

সংকল্পজাত কামনাসমূহকে বিশেষরূপে ত্যাগ করিয়া, মনের দ্বারা ইন্দ্রিয়সমূহকে বিষয়ব্যাপার হইতে সর্বদিক্ হইতে নিবৃত্ত করিয়া।

২৫

শনৈঃ শনৈরুপরমেদ্ বুদ্ধ্যা ধৃতিগৃহীতয়া।
আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ।।২৫

অনুবাদ

ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মন ধীরে ধীরে নিরুদ্ধ করিবে এবং এইরূপ নিরুদ্ধ মনকে আত্মাতে নিহিত করিয়া কিছুই ভাবনা করিবে না।

২৬

যতো যতো নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম্।
ততস্ততো নিয়ম্যৈতদাত্মন্যেব বশং নয়েৎ।।২৬

অনুবাদ

মন স্বভাবত চঞ্চল, অতএব অস্থির হইয়া উহা যে যে বিষয়ে ধাবিত হয় — সেই সেই বিষয় হইতে উহাকে প্রত্যাহার করিয়া আত্মাতেই স্থির করিয়া রাখিবে।

২৭

প্রশান্তমনসং হ্যেনং যোগিনং সুখমুত্তমম্।
উপৈতি শান্তরজসং ব্রহ্মভূতমকল্মষম্।।২৭

অনুবাদ

চিত্তবিক্ষেপক রজোগুণবিহীন এবং তমোগুণবর্জিত হইয়া ব্রহ্মভাবলাভ করেন — ঈদৃশ প্রশান্তচিত্ত যোগীকে নির্মল সমাধিসুখ আশ্রয় করে।

২৮

যুঞ্জন্নেবং সদাত্মানং যোগী বিগতকল্মষঃ।
সুখেন ব্রহ্মসংস্পর্শমত্যন্তং সুখমশ্নুতে।।২৮

অনুবাদ

সদা মনকে সমাহিত করিয়া নিষ্পাপ হওয়ায় যোগী ব্রহ্মানুভবরূপ নিরতিশয় সুখ লাভ করেন।

✦ সমদর্শন ও ঐক্যদৃষ্টি ✦
২৯

সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি।
ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ।।২৯

অনুবাদ

এইরকম যোগযুক্ত পুরুষ সব সময়ে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতে দর্শন করিয়া থাকেন।

৩০

যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি।
তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি।।৩০

অনুবাদ

আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন যিনি ও সর্বভূতকে আমাতে অবস্থিত দেখেন — আমি তাঁহার অদৃশ্য হই না, তিনিও আমার অদৃশ্য হন না।

৩১

সর্বভূতস্থিতং যো মাং ভজত্যেকত্বমাস্থিতঃ।
সর্বথা বর্তমানোহপি স যোগী ময়ি বর্ততে।।৩১

অনুবাদ

যে যোগী সমত্ববুদ্ধি অবলম্বনপূর্বক সর্বভূতস্থিত আমাকে ভজনা করেন — তিনি যে অবস্থায়ই থাকুন না কেন, আমাতেই অবস্থান করেন।

৩২

আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোহর্জুন।
সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ।।৩২

অনুবাদ

হে অর্জুন, সুখ হউক বা দুঃখ হউক — সে ব্যক্তি আত্মসাদৃশ্যে সর্বত্র সমদর্শী। সেই যোগী সর্বশ্রেষ্ঠ — ইহাই আমার অভিমত।

অর্জুন উবাচ
✦ মন নিগ্রহ কি সম্ভব? ✦
৩৩

যোহয়ং যোগস্ত্বয়া প্রোক্তঃ সাম্যেন মধুসূদন।
এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম্।।৩৩

অনুবাদ

অর্জুন কহিলেন — হে মধুসূদন, তুমি এই যে সমত্বরূপ যোগতত্ত্ব ব্যাখ্যা করিলে — মন সেরূপ চঞ্চল তাহাতে এই সমত্বভাব স্থায়ী হয় বলিয়া আমার মনে হয় না।

৩৪

চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম্।
তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম্।।৩৪

অনুবাদ

হে কৃষ্ণ, চঞ্চল মন ইন্দ্রিয়াদির বিক্ষেপজনক, মহাশক্তিশালী ও দৃঢ়। আমি মনে করি বায়ুকে আবদ্ধ রাখা যেমন অসম্ভব, মনকে নিরোধ করাও সেইরূপ দুষ্কর।

শ্রীভগবানুবাচ
৩৫

অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম্।
অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে।।৩৫

অনুবাদ

শ্রীভগবান কহিলেন — হে মহাবাহো, মন চঞ্চল, উহাকে নিরোধ করা দুষ্কর, ইহাতে সংশয় নাই। কিন্তু হে কৌন্তেয়, উহাকে বশীভূত করা যায় অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা।

৩৬

অসংযতাত্মনা যোগো দুষ্প্রাপ ইতি মে মতিঃ।
বশ্যাত্মনা তু যততা শক্যোহবাপ্তুমুপায়তঃ।।৩৬

অনুবাদ

যাহার চিত্ত অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা সংযত হয় নাই, যোগ তাহার পক্ষে দুষ্প্রাপ্য — আমার মত ইহাই। কিন্তু বিহিত উপায় অবলম্বন করিয়া সতত যত্ন করিলে চিত্ত বশীভূত হয় ও যোগলাভ হইতে পারে।

অর্জুন উবাচ
✦ যোগভ্রষ্টের গতি কী? ✦
৩৭

অযতিঃ শ্রদ্ধয়োপেতো যোগাচ্চলিতমানসঃ।
অপ্রাপ্য যোগসংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি।।৩৭

অনুবাদ

অর্জুন বলিলেন — হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধাসহকারে যোগাভ্যাসে প্রবৃত্ত হন কিন্তু যত্নের শিথিলতাবশতঃ যোগ হইতে ভ্রষ্ট হইয়া যোগসিদ্ধি লাভে অসমর্থ হন — তিনি কি প্রকার গতি প্রাপ্ত হন?

৩৮

কচ্চিন্নোভয়বিভ্রষ্টশ্ছিন্নাভ্রমিব নশ্যতি।
অপ্রতিষ্ঠো মহাবাহো বিমূঢ়ো ব্রহ্মণঃ পথি।।৩৮

অনুবাদ

হে মহাবাহো, তিনি ব্রহ্মপ্রাপ্তির উপায়ভূত যোগমার্গে অকৃতকার্য হওয়ায় মোক্ষ হইতে বঞ্চিত হন ও কাম্যকর্মের ত্যাগহেতু স্বর্গাদি হইতেও বঞ্চিত হন। অতএব উভয় পুরুষার্থ হইতে ভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘখণ্ডের ন্যায় নষ্ট হন না কি?

৩৯

এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুমর্হস্যশেষতঃ।
ত্বদন্যঃ সংশয়স্যাস্য ছেত্তা ন হ্যুপপদ্যতে।।৩৯

অনুবাদ

হে কৃষ্ণ, নিঃশেষরূপে তুমি আমার এই সংশয় ছেদন করিয়া দাও। কেন না তুমি ভিন্ন আমার এই সংশয়ের অপনেতা আর কেহ নাই।

শ্রীভগবানুবাচ
✦ যোগভ্রষ্টের পরজন্ম ও উত্থান ✦
৪০

পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে।
ন হি কল্যাণকৃৎ কশ্চিদ্দুর্গতিং তাত গচ্ছতি।।৪০

অনুবাদ

শ্রীভগবান কহিলেন — হে পার্থ, যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকে কি পরলোকে কোথাও বিনাশ নাই। কারণ, হে বৎস, কল্যাণকর্মকারী পুরুষ কখনও দুর্গতি প্রাপ্ত হন না।

৪১

প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুষিত্বা শাশ্বতীঃ সমাঃ।
শুচীনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্টোহভিজায়তে।।৪১

অনুবাদ

যোগভ্রষ্ট পুরুষ পুণ্যকর্মকারীদিগের প্রাপ্য স্বর্গলোকাদি প্রাপ্ত হইয়া তথায় বহু বৎসর বাস করিয়া পরে সদাচারসম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন।

৪২

অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম্।
এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদীদৃশম্।।৪২

অনুবাদ

পক্ষান্তরে যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীদিগের কুলে জন্মগ্রহণ করেন। জগতে ঈদৃশ জন্ম অতি দুর্লভ।

৪৩

তত্র তং বুদ্ধিসংযোগং লভতে পৌর্বদেহিকম্।
যততে চ ততো ভূয়ঃ সংসিদ্ধৌ কুরুনন্দন।।৪৩

অনুবাদ

হে কুরুনন্দন, যোগভ্রষ্ট পুরুষ সেই জন্মে পূর্বজন্মের অভ্যস্ত মোক্ষবিষয়ক বুদ্ধি লাভ করেন ও মুক্তিলাভের জন্য পুনর্বার যত্ন করেন।

৪৪

পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যবশোহপি সঃ।
জিজ্ঞাসুরপি যোগস্য শব্দব্রহ্মাতিবর্ততে।।৪৪

অনুবাদ

অবশ হইয়াই তিনি পূর্বজন্মের যোগাভ্যাসজনিত শুভসংস্কারবশতঃ যোগমার্গে আকৃষ্ট হন। যিনি কেবল যোগের স্বরূপ জিজ্ঞাসু তিনিও বেদোক্ত কাম্যকর্মাদির ফল অপেক্ষা শ্রেষ্ঠ ফল লাভ করেন।

✦ যোগী সর্বশ্রেষ্ঠ ✦
৪৫

প্রযত্নাদ্ যতমানস্তু যোগী সংশুদ্ধকিল্বিষঃ।
অনেকজন্মসংসিদ্ধস্ততো যাতি পরাং গতিম্।।৪৫

অনুবাদ

পূর্বাপেক্ষাও অধিকতর যত্ন করেন সেই যোগী। ক্রমে যোগাভ্যাসদ্বারা নিষ্পাপ হইয়া বহু জন্মের চেষ্টায় সিদ্ধিলাভ করিয়া পরম গতি লাভ করেন।

৪৬

তপস্বিভ্যোহধিকো যোগী জ্ঞানিভ্যোহপি মতোহধিকঃ।
কর্মিভ্যশ্চাধিকো যোগী তস্মাদ্ যোগী ভবার্জুন।।৪৬

অনুবাদ

তপস্বিগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, জ্ঞানিগণ অপেক্ষাও শ্রেষ্ঠ, কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ — আমার মত ইহাই। সুতরাং হে অর্জুন, যোগী হও তুমি।

৪৭

যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা।
শ্রদ্ধাবান্ ভজতে যো মাং স মে যুক্ততমো মতঃ।।৪৭

অনুবাদ

শ্রদ্ধাবান হইয়া মদগতচিত্তে যিনি আমার ভজন করেন — সকল যোগীর মধ্যে তিনিই আমার সহিত যোগে সর্বাপেক্ষা অধিক যুক্ত। আমার অভিমত ইহাই। ভগবানে ঐকান্তিক ভক্তিপরায়ণ যোগীই শ্রেষ্ঠ সাধক।

🪔

ইতি ধ্যানযোগ নামক
ষষ্ঠ অধ্যায় সমাপ্ত।

শ্রীমদ্ভগবদ্গীতোপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং
যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে
আত্মসংযমযোগো নাম ষষ্ঠোহধ্যায়ঃ