🌊

ওঁ নমো ভগবতে বাসুদেবায়

শ্রীমদ্ভগবদ্গীতা

সপ্তম অধ্যায়

জ্ঞানবিজ্ঞানযোগ

Jnana Vijnana Yoga

শ্লোক ৩০

শ্রীকৃষ্ণ তাঁহার পরা ও অপরা প্রকৃতির রহস্য উন্মোচন করেন।
মায়ার অপারতা, ভক্তের চার শ্রেণী ও জ্ঞানীর শ্রেষ্ঠত্ব —
সমগ্র সৃষ্টির উৎস ও গন্তব্য স্বয়ং পরমেশ্বর।

↓ নিচে স্ক্রল করুন
শ্রীভগবানুবাচ
✦ ভগবানকে জানার আমন্ত্রণ ✦

ময্যাসক্তমনাঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ।
অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু।।১

অনুবাদ

শ্রীভগবান কহিলেন — হে পার্থ, আমাতে তুমি আসক্তচিত্ত ও একমাত্র আমার শরণাপন্ন হইয়া যোগযুক্ত হইলে আমার সর্ববিভূতিসম্পন্ন সমগ্র স্বরূপ নিঃসংশয়ে জানিতে পারিবে — তাহা শ্রবণ কর।

জ্ঞানং তেহহং সবিজ্ঞানমিদং বক্ষ্যাম্যশেষতঃ।
যজ্জ্ঞাত্বা নেহ ভূয়োহন্যজ্জ্ঞাতব্যমবশিষ্যতে।।২

অনুবাদ

বিজ্ঞানসহ আমি তোমাকে মৎস্বরূপ বিষয়ক জ্ঞান বিশেষরূপে বলিতেছি। শ্রেয়োমার্গে পুনরায় জানিবার আর কিছু অবশিষ্ট থাকিবে না উহা জানিলে।

মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিদ্ যততি সিদ্ধয়ে।
যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বতঃ।।৩

অনুবাদ

মদ্বিষয়ক জ্ঞান লাভের জন্য হাজার মানুষের মধ্যে হয়তো এক জন যত্ন করেন। আবার অনেকে যত্ন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন মনে করেন, তাঁহাদিগের মধ্যে একজন হয়তো আমার প্রকৃত স্বরূপ তত্ত্বতঃ জানিতে পারেন।

✦ পরা ও অপরা প্রকৃতি ✦

ভূমিরাপোহনলো বায়ুঃ খং মনো বুদ্ধিরেব চ।
অহঙ্কার ইতীয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা।।৪

অনুবাদ

ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ, ব্যোম, মন, বুদ্ধি ও অহংকার — এইরূপে আমার প্রকৃতি অষ্টধায় ভেদ প্রাপ্ত হইয়াছে।

অপরেয়মিতস্ত্বন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম্।
জীবভূতাং মহাবাহো যয়েদং ধার্যতে জগৎ।।৫

অনুবাদ

আমার অপরা প্রকৃতি এই পূর্বোক্ত অষ্টবিধান প্রকৃতি। ইহা ভিন্ন জীবরূপা চেতনাত্মিকা আমার পরা প্রকৃতি আছে জানিও। হে মহাবাহো, সেই পরা প্রকৃতি দ্বারা জগৎ বিধৃত হইয়াছে।

এতদ্যোনীনি ভূতানি সর্বাণীত্যুপধারয়।
অহং কৃৎস্নস্য জগতঃ প্রভবঃ প্রলয়স্তথা।।৬

অনুবাদ

সমস্ত ভূত এই দুই প্রকৃতি হইতে জাত — ইহা জানিও। সুতরাং আমিই নিখিল জগতের উৎপত্তি ও লয়ের কারণ।

✦ সৃষ্টিতে ভগবানের বিভূতি ✦

মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়।
ময়ি সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণা ইব।।৭

অনুবাদ

হে ধনঞ্জয়, আমা অপেক্ষা শ্রেষ্ঠ পরমার্থ-তত্ত্ব অন্য কিছু নাই। সূত্রে মণিসমূহের ন্যায় সর্বভূতের অধিষ্ঠানস্বরূপ আমাতে এই সমস্ত জগৎ রহিয়াছে।

রসোহহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশিসূর্যয়োঃ।
প্রণবঃ সর্ববেদেষু শব্দঃ খে পৌরুষং নৃষু।।৮

অনুবাদ

হে কৌন্তেয়, আমি জলে রস, চন্দ্রসূর্যে প্রভা, সর্ববেদে ওঙ্কার, আকাশে শব্দ এবং মনুষ্যমধ্যে পৌরুষ আমিই।

পুণ্যো গন্ধঃ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবসৌ।
জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু।।৯

অনুবাদ

আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সর্বভূতে জীবন ও তপস্বীদিগের তপঃস্বরূপ।

১০

বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম্।
বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম্।।১০

অনুবাদ

হে পার্থ, আমাকে জানিও সর্বভূতের সনাতন বীজ বলিয়া। আমি বুদ্ধিমানদিগের বুদ্ধি ও তেজস্বিগণের তেজস্বরূপ।

১১

বলং বলবতাং চাহং কামরাগবিবর্জিতম্।
ধর্মাবিরুদ্ধো ভূতেষু কামোহস্মি ভরতর্ষভ।।১১

অনুবাদ

হে ভরতশ্রেষ্ঠ, আমিই বলবানদিগের কামরাগরহিত বল এবং প্রাণীগণের ধর্মের অবিরোধী কাম।

✦ ত্রিগুণ ও মায়ার অপারতা ✦
১২

যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজসাস্তামসাশ্চ যে।
মত্ত এবেতি তান্ বিদ্ধি ন ত্বহং তেষু তে ময়ি।।১২

অনুবাদ

শমদমাদি সাত্ত্বিক ভাব, হর্ষদর্পলোভাদি রাজসিক ভাব, শোকমোহাদি তামসিক ভাব — এই সকলই আমা হইতে জাত। কিন্তু আমি সে সকলে অবস্থিত নহি, কিন্তু আমাতে আছে সে সকল।

১৩

ত্রিভির্গুণময়ৈর্ভাবৈরেভিঃ সর্বমিদং জগৎ।
মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমব্যয়ম্।।১৩

অনুবাদ

সমস্ত জগৎ ত্রিবিধ গুণময় ভাবের দ্বারা মোহিত হইয়া রহিয়াছে। এ সকলের অতীত অক্ষয় স্বরূপ আমাকে স্বরূপতঃ জানিতে পারে না।

১৪

দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া।
মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে।।১৪

অনুবাদ

আমার এই ত্রিগুণাত্মিকা অলৌকিকী মায়া নিতান্ত দুস্তর। কিন্তু যাঁহারা একমাত্র আমার শরণাগত হইয়া ভজন করেন — তাঁহারাই কেবল এই সুদুস্তরা মায়া উত্তীর্ণ হইতে পারেন।

১৫

ন মাং দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ।
মায়য়াপহৃতজ্ঞানা আসুরং ভাবমাশ্রিতাঃ।।১৫

অনুবাদ

পাপকর্মপরায়ণ বিবেকশূন্য নরাধমগণ মায়াদ্বারা হতজ্ঞান হইয়া আসুর স্বভাব প্রাপ্ত হওয়ায় আমাকে ভজনা করে না।

✦ চার শ্রেণীর ভক্ত ✦
১৬

চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতিনোহর্জুন।
আর্তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ।।১৬

অনুবাদ

হে ভরতকুলশ্রেষ্ঠ অর্জুন, যে সকল সুকৃতিশালী ব্যক্তি আমাকে ভজনা করেন তাঁহারা চতুর্বিধ — আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী।

১৭

তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তির্বিশিষ্যতে।
প্রিয়ো হি জ্ঞানিনোহত্যর্থমহং স চ মম প্রিয়ঃ।।১৭

অনুবাদ

ইহাদিগের মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। তিনি একমাত্র আমাতেই যুক্তচিত্ত ও ভক্তিবান। আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং সেই জ্ঞানী আমারও অত্যন্ত প্রিয়।

১৮

উদারাঃ সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম্।
আস্থিতঃ স হি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতিম্।।১৮

অনুবাদ

মহান্ ইহারা সকলেই, কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ — এই আমার মত। কারণ মদেকচিত্ত সেই জ্ঞানী সর্বোৎকৃষ্ট গতি যে আমি, আমাকেই আশ্রয় করিয়া থাকেন।

১৯

বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান্ মাং প্রপদ্যতে।
বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ।।১৯

অনুবাদ

জ্ঞানী ভক্ত অনেক জন্মের পর 'বাসুদেবই সমস্ত' এইরূপ জ্ঞান লাভ করিয়া আমাকে প্রাপ্ত হন। এইরূপ মহাত্মা অতি দুর্লভ।

✦ অন্য দেবতার উপাসনা ✦
২০

কামৈস্তৈস্তৈর্হৃতজ্ঞানাঃ প্রপদ্যন্তেহন্যদেবতাঃ।
তং তং নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তাঃ স্বয়া।।২০

অনুবাদ

যাহাদের বিবেক কামনাদ্বারা অপহৃত হইয়াছে, তাহারা নিজ নিজ কামনা-কলুষিত স্বভাবের বশীভূত হইয়া ক্ষুদ্র দেবতাদের আরাধনার বিভিন্ন নিয়ম পালন করিয়া অন্য দেবতার ভজনা করিয়া থাকে।

২১

যো যো যাং যাং তনুং ভক্তঃ শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি।
তস্য তস্যাচলাং শ্রদ্ধাং তামেব বিদধাম্যহম্।।২১

অনুবাদ

যে যে সকাম ব্যক্তি ভক্তিযুক্ত হইয়া শ্রদ্ধাসহকারে যে যে দেবমূর্তি অর্চনা করিতে ইচ্ছা করে — আমি সে সকল ভক্তের সেই সেই দেবমূর্তিতে ভক্তি অচলা করিয়া দেই।

২২

স তয়া শ্রদ্ধয়া যুক্তস্তস্যারাধনমীহতে।
লভতে চ ততঃ কামান্ ময়ৈব বিহিতান্ হি তান্।।২২

অনুবাদ

সেই দেবোপাসক মৎবিহিত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবমূর্তির অর্চনা করিয়া থাকে ও সেই দেবতার কাছে নিজ কাম্যবস্তু লাভ করিয়া থাকে। সেই সকল আমাকর্তৃকই বিহিত।

২৩

অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবত্যল্পমেধসাম্।
দেবান্ দেবযজো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি।।২৩

অনুবাদ

কিন্তু অল্পবুদ্ধি সেই দেবোপাসকগণের আরাধনালব্ধ ফল বিনাশশীল। দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, আর আমার ভক্তগণ আমাকেই লাভ করিয়া থাকেন।

✦ মায়ায় ঢাকা পরম রহস্য ✦
২৪

অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মামবুদ্ধয়ঃ।
পরং ভাবমজানন্তো মমাব্যয়মনুত্তমম্।।২৪

অনুবাদ

স্বল্পবুদ্ধি ব্যক্তিগণ আমার নিত্য সর্বোৎকৃষ্ট পরম স্বরূপ না জানায় অব্যক্ত আমাকে প্রাকৃত মানুষ্যবৎ ব্যক্তিভাবাপন্ন মনে করে।

২৫

নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়াসমাবৃতঃ।
মূঢ়োহয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়ম্।।২৫

অনুবাদ

আমি যোগমায়ায় সমাচ্ছন্ন থাকায় সকলের ন্যায় প্রকাশিত হই না। সুতরাং মূঢ় এই সকল লোক জন্মমরণরহিত আমাকে পরমেশ্বর বলিয়া জানিতে পারে না।

২৬

বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন।
ভবিষ্যাণি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন।।২৬

অনুবাদ

হে অর্জুন, ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সকল পদার্থকে আমি জানি। কিন্তু আমাকে কেহই জানে না।

২৭

ইচ্ছাদ্বেষসমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত।
সর্বভূতানি সম্মোহং সর্গে যান্তি পরন্তপ।।২৭

অনুবাদ

হে ভারত, পরন্তপ, সৃষ্টিকালে স্থূলদেহ উৎপন্ন হইলেই প্রাণীগণ রাগদ্বেষজনিত শীতোষ্ণ সুখ-দুঃখাদি দ্বন্দ্বকর্তৃক মোহ প্রাপ্ত হইয়া হতজ্ঞান হয়।

✦ মুক্তির পথ ও চরম জ্ঞান ✦
২৮

যেষাং ত্বন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মণাম্।
তে দ্বন্দ্বমোহনির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতাঃ।।২৮

অনুবাদ

কিন্তু পুণ্যকর্ম দ্বারা যাঁহাদের পাপ বিনষ্ট হইয়াছে — সেই সকল দ্বন্দুমোহনির্মুক্ত দৃঢ়ব্রত ব্যক্তি আমাকে ভজনা করিয়া থাকেন।

২৯

জরামরণমোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে।
তে ব্রহ্ম তদ্বিদুঃ কৃৎস্নমধ্যাত্মং কর্ম চাখিলম্।।২৯

অনুবাদ

চিত্ত সমাহিত করিয়া যাঁহারা আমাতে জরামরণ হইতে মুক্তিলাভের জন্য যত্ন করেন — তাঁহারা সেই সনাতন ব্রহ্ম, সমগ্র অধ্যাত্মবিষয় এবং সমস্ত কর্মতত্ত্ব অবগত হন।

৩০

সাধিভূতাধিদৈবং মাং সাধিযজ্ঞং চ যে বিদুঃ।
প্রয়াণকালেহপি চ মাং তে বিদুর্যুক্তচেতসঃ।।৩০

অনুবাদ

আমাকে যাঁহারা অধিদৈব, অধিভূত ও অধিযজ্ঞের সহিত জানেন — সেই সকল আমাতে আসক্তচিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে জানিতে পারেন, মরণকালেও আমাকে বিস্মৃত হন না।

🌊

ইতি জ্ঞানবিজ্ঞানযোগ নামক
সপ্তম অধ্যায় সমাপ্ত।

শ্রীমদ্ভগবদ্গীতোপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং
যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে
জ্ঞানবিজ্ঞানযোগো নাম সপ্তমোহধ্যায়ঃ