🌌

ওঁ নমো ভগবতে বাসুদেবায়

শ্রীমদ্ভগবদ্গীতা

অষ্টম অধ্যায়

অক্ষরব্রহ্মযোগ

Akshara Brahma Yoga

শ্লোক ২৮

ব্রহ্ম, অধ্যাত্ম, অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞের তত্ত্ব।
অন্তকালে যে ভাব স্মরণ, সেই ভাবই গতি।
ওঁকার উচ্চারণে ও অনন্য ভক্তিতে পরমপুরুষ লাভ।

↓ নিচে স্ক্রল করুন
অর্জুন উবাচ
✦ অর্জুনের সাতটি প্রশ্ন ✦

কিং তদ্ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম।
অধিভূতং চ কিং প্রোক্তমধিদৈবং কিমুচ্যতে।।১

অনুবাদ

অর্জুন বলিলেন — হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি? অধ্যাত্ম কি? কর্ম কি? অধিভূত কাহাকে বলে আর অধিদৈবই বা কাহাকে বলে?

অধিযজ্ঞঃ কথং কোহত্র দেহেহস্মিন্ মধুসূদন।
প্রয়াণকালে চ কথং জ্ঞেয়োহসি নিয়তাত্মভিঃ।।২

অনুবাদ

অধিযজ্ঞ কি? এ দেহে তিনি কি প্রকারে চিন্তনীয়? হে মধুসূদন, অন্তকালে সংযতচিত্ত ব্যক্তিগণ কিরূপে তোমাকে জানিতে পারেন?

শ্রীভগবানুবাচ
✦ ব্রহ্ম, অধ্যাত্ম, কর্ম ও অধিযজ্ঞ ✦

অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবোহধ্যাত্মমুচ্যতে।
ভূতভাবোদ্ভবকরো বিসর্গঃ কর্মসংজ্ঞিতঃ।।৩

অনুবাদ

শ্রীভগবান বলিলেন — পরম অক্ষর যে বস্তু, তাহাই ব্রহ্ম। স্বভাবই অধ্যাত্ম বলিয়া উক্ত হয়। আর ভূতগণের উৎপত্তিকারক যে দ্রব্যত্যাগরূপ যজ্ঞ তাহাই কর্মশব্দবাচ্য।

অধিভূতং ক্ষরো ভাবঃ পুরুষশ্চাধিদৈবতম্।
অধিযজ্ঞোহহমেবাত্র দেহে দেহভৃতাং বর।।৪

অনুবাদ

হে নরশ্রেষ্ঠ, বিনাশশীল দেহাদি বস্তুই অধিভূত, পুরুষই অধিদৈবত। আমিই এই দেহে অধিযজ্ঞ।

✦ অন্তকালের স্মরণ ও গতি ✦

অন্তকালে চ মামেব স্মরন্মুক্ত্বা কলেবরম্।
যঃ প্রয়াতি স মদ্ভাবং যাতি নাস্ত্যত্র সংশয়ঃ।।৫

অনুবাদ

আমাকে স্মরণ করিয়া দেহ ত্যাগ করিয়া প্রস্থান করেন যিনি — অন্তকালে আমারই ভাব প্রাপ্ত হন তিনি, ইহাতে সংশয় নাই।

যং যং বাপি স্মরন্ ভাবং ত্যজত্যন্তে কলেবরম্।
তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাবভাবিতঃ।।৬

অনুবাদ

অন্তকালে যিনি যে ভাব স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন — হে কৌন্তেয়, তিনি সর্বদা সেই ভাবে তন্ময়চিত্ত থাকায় সেই ভাবই প্রাপ্ত হন।

তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুধ্য চ।
ময্যর্পিতমনোবুদ্ধির্মামেবৈষ্যস্যসংশয়ম্।।৭

অনুবাদ

অতএব আমাকে সর্বদা স্মরণ কর ও যুদ্ধ কর। আমাতে মন ও বুদ্ধি অর্পণ করিলে তুমি নিশ্চিতই আমাকে প্রাপ্ত হইবে।

✦ ধ্যান ও পরমপুরুষের স্বরূপ ✦

অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিনা।
পরমং পুরুষং দিব্যং যাতি পার্থানুচিন্তয়ন্।।৮

অনুবাদ

হে পার্থ, অন্য বিষয়ে চিত্তকে যাইতে না দিয়া পুনঃ পুনঃ অভ্যাসদ্বারা স্থির করিয়া সেই দিব্য পরমপুরুষের ধ্যান করিতে থাকিলে সাধক সেই পুরুষকেই প্রাপ্ত হন।

কবিং পুরাণমনুশাসিতারমণোরণীয়াংসমনুস্মরেদ্ যঃ।
সর্বস্য ধাতারমচিন্ত্যরূপমাদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ।।৯

অনুবাদ

সেই পরমপুরুষ — সর্বজ্ঞ, অনাদি, সর্বনিয়ন্তা, সূক্ষ্মাতিসূক্ষ্ম, সকলের বিধাতা, অচিন্ত্যস্বরূপ, মনোবুদ্ধির অগোচর, আদিত্যবৎ স্বপ্রকাশ, প্রকৃতির পর বর্তমান ও প্রপঞ্চাতীত — তাঁহাকে যিনি স্মরণ করেন।

১০

প্রয়াণকালে মনসাচলেন ভক্ত্যা যুক্তো যোগবলেন চৈব।
ভ্রুবোর্মধ্যে প্রাণমাবেশ্য সম্যক্ স তং পরং পুরুষমুপৈতি দিব্যম্।।১০

অনুবাদ

মৃত্যুকালে একাগ্রমনে ভক্তিযুক্ত হইয়া ও যোগবল দ্বারা ভ্রূযুগলের মধ্যে প্রাণকে সম্যকরূপে ধারণ করিয়া যিনি স্মরণ করেন — তিনি সেই দিব্য পরমপুরুষকে প্রাপ্ত হন।

✦ ওঁকার ও অক্ষরপদ প্রাপ্তি ✦
১১

যদক্ষরং বেদবিদো বদন্তি বিশন্তি যদ্ যতয়ো বীতরাগাঃ।
যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তৎ তে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে।।১১

অনুবাদ

যাঁহাকে বেদবিদ্গণ অক্ষর বলেন, অনাসক্ত যোগিগণ যাঁহাতে প্রবেশ করেন, যাঁহাকে পাইবার জন্য ব্রহ্মচারিগণ ব্রহ্মচর্য অনুষ্ঠান করেন — সেই পরমপদ প্রাপ্তির উপায় সংক্ষেপে তোমাকে বলিতেছি।

১২

সর্বদ্বারাণি সংযম্য মনো হৃদি নিরুধ্য চ।
মূর্ধ্ন্যাধায়াত্মনঃ প্রাণমাস্থিতো যোগধারণাম্।।১২

অনুবাদ

সমস্ত ইন্দ্রিয়দ্বার সংযম করিয়া, মনকে হৃদয়ে নিরুদ্ধ করিয়া, প্রাণকে মূর্ধায় ধারণ করিয়া, আত্মসমাধিরূপ যোগে অবস্থিত হইয়া।

১৩

ওমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরন্ মামনুস্মরন্।
যঃ প্রয়াতি ত্যজন্ দেহং স যাতি পরমাং গতিম্।।১৩

অনুবাদ

ওঁ — এই ব্রহ্মাত্মক একাক্ষর উচ্চারণপূর্বক আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহ ত্যাগ করিয়া প্রস্থান করেন — তিনি পরম গতি প্রাপ্ত হন।

১৪

অনন্যচেতাঃ সততং যো মাং স্মরতি নিত্যশঃ।
তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ।।১৪

অনুবাদ

অনন্যচিত্ত হইয়া যিনি চিরদিন নিরন্তর আমাকে স্মরণ করেন — হে পার্থ, সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি সুলভ।

১৫

মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম্।
নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতাঃ।।১৫

অনুবাদ

আমাকে পাইয়া পূর্বোক্ত মদ্ভক্তগণ আর দুঃখের আলয়স্বরূপ অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না — তাঁহারা যেহেতু পরম সিদ্ধি লাভ করেন।

✦ ব্রহ্মার দিনরাত্রি ও পুনর্জন্মচক্র ✦
১৬

আব্রহ্মভুবনাল্লোকাঃ পুনরাবর্তিনোহর্জুন।
মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে।।১৬

অনুবাদ

হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক হইতেই লোকসকল ফিরিয়া পুনরায় জন্মগ্রহণ করে। কিন্তু হে কৌন্তেয়, আমাকে পাইলে আর পুনর্জন্ম হয় না।

১৭

সহস্রযুগপর্যন্তমহর্যদ্ ব্রহ্মণো বিদুঃ।
রাত্রিং যুগসহস্রান্তাং তেহহোরাত্রবিদো জনাঃ।।১৭

অনুবাদ

মনুষ্যের গণনায় সহস্র চতুর্যুগ পর্যন্ত ব্রহ্মার যে একটি দিন এবং ঐরূপ সহস্র চতুর্যুগ পর্যন্ত ব্রহ্মার যে একটি রাত্রি — ইহা যাঁহারা জানেন তাঁহারাই প্রকৃত আহোরাত্রতত্ত্ববেত্তা।

১৮

অব্যক্তাদ্ ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্ত্যহরাগমে।
রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্তসংজ্ঞকে।।১৮

অনুবাদ

ব্রহ্মার দিবসের আগমে সকল ব্যক্ত পদার্থ অব্যক্ত হইতে উদ্ভূত হয়। সেই অব্যক্তেই রাত্রিসমাগমে পুনরায় লয়প্রাপ্ত হয়।

১৯

ভূতগ্রামঃ স এবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে।
রাত্র্যাগমেহবশঃ পার্থ প্রভবত্যহরাগমে।।১৯

অনুবাদ

হে পার্থ, এই সেই ভূতগণই পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিয়া ব্রহ্মার রাত্রিসমাগমে লয়প্রাপ্ত হয়। দিবাসমাগমে আবার অবশভাবে উৎপন্ন হয়।

✦ পরম অব্যক্ত — মুক্তির একমাত্র পথ ✦
২০

পরস্তস্মাৎ তু ভাবোহন্যোহব্যক্তোহব্যক্তাৎ সনাতনঃ।
যঃ স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি।।২০

অনুবাদ

কিন্তু সেই অব্যক্তেরও অতীত যে নিত্য অব্যক্ত পদার্থ আছেন — তিনি সকল ভূতের বিনাশ হইলেও বিনষ্ট হন না।

২১

অব্যক্তোহক্ষর ইত্যুক্তস্তমাহুঃ পরমাং গতিম্।
যং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম।।২১

অনুবাদ

যাহা অব্যক্ত নামে কথিত, শ্রেষ্ঠ গতি তাহাকেই বলে। পুনরায় ফিরিতে হয় না যাহা পাইলে — তাহাই আমার পরম স্থান বা স্বরূপ।

২২

পুরুষঃ স পরঃ পার্থ ভক্ত্যা লভ্যস্তৃনন্যয়া।
যস্যান্তঃস্থানি ভূতানি যেন সর্বমিদং ততম্।।২২

অনুবাদ

হে পার্থ, সকল ভূত যাঁহাতে অবস্থিতি করিতেছে, যাঁহা দ্বারা এই সমস্ত জগৎ ব্যাপ্ত হইয়া আছে — সেই পরমপুরুষকে একমাত্র অনন্যা ভক্তিদ্বারাই লাভ করা যায়।

✦ শুক্ল ও কৃষ্ণ — দুইটি পথ ✦
২৩

যত্র কালে ত্বনাবৃত্তিমাবৃত্তিং চৈব যোগিনঃ।
প্রয়াতা যান্তি তং কালং বক্ষ্যামি ভরতর্ষভ।।২৩

অনুবাদ

হে ভরতশ্রেষ্ঠ, যে কালে গমন করিলে যোগিগণ পুনর্জন্ম প্রাপ্ত হন না ও যে কালে গমন করিলে পুনর্জন্ম প্রাপ্ত হন — তাহা বলিতেছি।

২৪

অগ্নিজ্যোতিরহঃ শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম্।
তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ।।২৪

অনুবাদ

অগ্নিজ্যোতি, দিন, শুক্লপক্ষ, উত্তরায়ণ ছয় মাস — এই সময়ে ব্রহ্মোপাসকগণ ব্রহ্মকে প্রাপ্ত হন।

২৫

ধূমো রাত্রিস্তথা কৃষ্ণঃ ষণ্মাসা দক্ষিণায়নম্।
তত্র চান্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে।।২৫

অনুবাদ

ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন ছয় মাস — এই পথে গমন করিয়া কর্মী পুরুষ স্বর্গলোক প্রাপ্ত হইয়া তথায় কর্মফল ভোগ করিয়া পুনরায় সংসারে পুনরাবৃত্ত হন।

২৬

শুক্লকৃষ্ণে গতী হ্যেতে জগতঃ শাশ্বতে মতে।
একয়া যাত্যনাবৃত্তিমন্যয়াবর্ততে পুনঃ।।২৬

অনুবাদ

জগতের শুক্ল ও কৃষ্ণ এই দুইটি পথ অনাদি বলিয়া প্রসিদ্ধ। একটি দ্বারা মোক্ষলাভ হয়, অপরটি দ্বারা পুনর্জন্ম লাভ করিতে হয়।

✦ যোগযুক্ততাই সর্বোত্তম ✦
২৭

নৈতে সৃতী পার্থ জানন্ যোগী মুহ্যতি কশ্চন।
তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্তো ভবার্জুন।।২৭

অনুবাদ

হে অর্জুন, এই মার্গদ্বয় অবগত হইয়া যোগীপুরুষ মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হও।

২৮

বেদেষু যজ্ঞেষু তপঃসু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রদিষ্টম্।
অত্যেতি তৎ সর্বমিদং বিদিত্বা যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম্।।২৮

অনুবাদ

বেদাভ্যাসে, যজ্ঞে, তপস্যায় ও দানাদিতে যে সকল পুণ্যফল নির্দিষ্ট আছে — এই তত্ত্ব জানিয়া যোগীপুরুষ সে সকল অতিক্রম করেন এবং উৎকৃষ্ট আদ্যস্থান প্রাপ্ত হন।

🌌

ইতি অক্ষরব্রহ্মযোগ নামক
অষ্টম অধ্যায় সমাপ্ত।

শ্রীমদ্ভগবদ্গীতোপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং
যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে
অক্ষরব্রহ্মযোগো নাম অষ্টমোহধ্যায়ঃ