🌸 সূচনা — ঋষি ও সূত সংবাদ
১-২
গীতায়াশ্চৈব মাহাত্ম্যং যথাবৎ সূত মে বদ।
পুরা নারায়ণ-ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম্।।১
ভদ্রং ভগবতা পৃষ্টং যদ্ধি গুপ্ততমং পরম্।
শক্যতে কেন তদুক্তং গীতামাহাত্ম্যমুত্তমম্।।২
অনুবাদঋষি বলিলেন — হে সূত! পুরাকালে নারায়ণক্ষেত্রে মহামুনি ব্যাস আপনার নিকট যেরূপ গীতামাহাত্ম্য বর্ণন করিয়াছিলেন, কৃপা করিয়া তাহাই যথাযথ বর্ণন করুন। সূত বলিলেন — ঋষিবর! আপনি যে পরম গুহ্যতম মঙ্গলময় বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই উত্তম গীতামাহাত্ম্য বর্ণনা করিতে কাহার সামর্থ্য আছে?
৩-৪
কৃষ্ণো জানাতি বৈ সম্যক্ কিঞ্চিৎ কুন্তীসূতঃ ফলম্।
ব্যাসো বা ব্যাসপুত্রো বা যাজ্ঞবল্ক্যোহথ মৈথিলঃ।।৩
অন্যে শ্রবণতঃ শ্রুত্বা লেশং সংকীর্তয়ন্তি চ।
তস্মাৎ কিঞ্চিদ্ বদাম্যত্র ব্যাসস্যাস্যান্ময়া শ্রুতম্।।৪
অনুবাদএকমাত্র শ্রীকৃষ্ণই ইহার ফল সম্যকরূপে জানেন। কিঞ্চিৎমাত্র ফল জানেন কুন্তীপুত্র অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র শুকদেব, যাজ্ঞবল্ক্য এবং মিথিলার রাজা জনক। অন্যান্য সকলে পরস্পর শ্রবণ করিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের নিকট যাহা শ্রবণ করিয়াছি তাহার কিঞ্চিৎ বর্ণনা করিতেছি।
৫
সর্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দনঃ।
পার্থো বৎসঃ সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ।।৫
অনুবাদগাভীস্বরূপ সমস্ত উপনিষদ, শ্রীকৃষ্ণ উহার দোহনকর্তা, পার্থ উহার বৎস, দুগ্ধস্বরূপ মহৎ গীতামৃত, সুধীগণ তাহার ভোক্তা।
✨ গীতার মহিমা ও পাঠের ফল
৬-৭
সারথ্যমর্জুনস্যাদৌ কুর্বন্ গীতামৃতং দদৌ।
লোকত্রয়োপকারায় তস্মৈ কৃষ্ণাত্মনে নমঃ।।৬
সংসারসাগরং ঘোরং তর্তুমিচ্ছতি যো নরঃ।
গীতানাবং সমাসাদ্য পারং যাতি সুখেন সঃ।।৭
অনুবাদঅর্জুনের সারথ্যকার্যে নিযুক্ত হইয়া যিনি লোকত্রয়ের উপকারার্থে গীতারূপ অমৃত প্রদান করিয়াছেন সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে প্রণাম করি। এই ঘোর সংসারসাগর হইতে উদ্ধার পাইতে যে মানব ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকায় আরোহণ করিলে অনায়াসে পারাপার হইতে পারেন।
৮-৯
গীতাজ্ঞানং শ্রুতং নৈব সদৈবাভ্যাসযোগতঃ।
মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা যাতি বালকহাস্যতাম্।।৮
যে শৃণ্বন্তি পঠন্ত্যেব গীতাশাস্ত্রমহর্নিশম্।
ন তে বৈ মানুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়ঃ।।৯
অনুবাদযে মূঢ় ব্যক্তি গীতাশাস্ত্র শ্রবণ করে নাই বা যোগাভ্যাসের দ্বারা গীতাজ্ঞান লাভ করে নাই, সে বালকের তুল্য হাস্যাস্পদ হয়। যাঁহারা দিবানিশি গীতাশাস্ত্র পাঠ বা শ্রবণ করেন, তাঁহারা মনুষ্য নহেন — তাঁহারা দেবতাস্বরূপ জানিবে।
১০-১১
গীতাজ্ঞানেন সংবোধং কৃষ্ণঃ প্রাহার্জুনায় বৈ।
ভক্তিতত্ত্বং পরং তত্র সগুণং বাথ নির্গুণম্।।১০
সোপানাষ্টাদশৈরেবং ভুক্তিমুক্তিসমুচ্ছিতৈঃ।
ক্রমশশ্চিত্তশুদ্ধিঃ স্যাৎ প্রেমভক্ত্যাদিকর্মসু।।১১
অনুবাদশ্রীকৃষ্ণ গীতাজ্ঞান অবলম্বন করিয়া অর্জুনের চিত্তশুদ্ধির জন্য সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছেন। ভক্তি ও মোক্ষদ্বারা সংগঠিত গীতা অষ্টাদশ অধ্যায়রূপ সোপানবিশিষ্ট — প্রেমভক্তিরূপ কর্মসমূহে ক্রমশ মানবের চিত্তশুদ্ধি হয়।
১২-১৩
সাধোর্গীতাম্ভসি স্নানং সংসারমলনাশনম্।
শ্রদ্ধাহীনস্য তৎ কার্য্যং হস্তিস্নানং বৃথৈব তৎ।।১২
গীতায়াশ্চ ন জানাতি পঠনং নৈব পাঠনম্।
স এব মানুষে লোকে মোঘকর্মকরো ভবেৎ।।১৩
অনুবাদগীতারূপ পবিত্র সলিলে স্নান করিলে সংসারের মলিনতা দূরীভূত হয়। কিন্তু শ্রদ্ধাহীনের পক্ষে উহা হস্তিস্নানের ন্যায় বৃথা। গীতার পঠন-পাঠন যে ব্যক্তি জানে না, তাহার সমস্ত কর্মই মনুষ্যলোকে বৃথা হয়।
⚠️ গীতা না জানিলে
১৪-১৭
তস্মাদ্ গীতাং ন জানাতি নাধমস্তৎপরো জনঃ।
ধিক্ তস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতাম্।।১৪
গীতার্থং ন বিজানাতি নাধমস্তৎপরো জনঃ।
ধিক্ শরীরং শুভং শীলং বিভবং তদ্গৃহাশ্রমম্।।১৫
গীতাশাস্ত্রং ন জানাতি নাধমস্তৎপরো জনঃ।
ধিক্ প্রারব্ধং প্রতিষ্ঠাঞ্চ পূজাং দানং মহত্তমম্।।১৬
গীতাশাস্ত্রে মতির্নাস্তি সর্বং তন্নিষ্ফলং জনঃ।
ধিক্ তস্য জ্ঞানদাতারং ব্রতং নিষ্ঠাং তপো যশঃ।।১৭
অনুবাদগীতাং না জানিলে তাহার মানবদেহ, বিজ্ঞান ও কুলশীলতায় ধিক্। গীতার অর্থ না জানিলে তাহার দেহ, সম্পদ, উত্তম আচরণ ও গৃহাশ্রমে ধিক্। গীতাশাস্ত্র না জানিলে তাহার প্রারব্ধ, কর্মে প্রতিষ্ঠা, পূজা, দান ও মহত্ত্বে ধিক্। গীতাশাস্ত্রে মন না থাকিলে তাহার জ্ঞানদাতাকে ধিক্, ব্রত, নিষ্ঠা ও তপে ধিক্।
১৮
গীতার্থপঠনং নাস্তি নাধমস্তৎপরো জনঃ।
গীতাগীতং ন যজ্ঞানং তদ্বিদ্ধ্যাসুরসম্মতম্।
তন্মোঘং ধর্মরহিতং বেদবেদান্তগর্হিতম্।।১৮
অনুবাদগীতার অর্থ পাঠ করে না এমন ব্যক্তির চেয়ে অধম আর কেহ নাই। যে জ্ঞান গীতায় কীর্তিত হয় নাই, তাহা আসুরসম্মত জানিবে। তাহা ধর্মশূন্য ও বৃথা — বেদ-বেদান্তে নিন্দিত।
১৯-২০
তস্মাদ্ধর্মময়ী গীতা সর্বজ্ঞানপ্রযোজিকা।
সর্বশাস্ত্রসারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে।।১৯
যোহধীতে বিষ্ণুপর্বাহে গীতাং শ্রীহরিবাসরে।
স্বপন্ জাগ্রন্ চলন্ তিষ্ঠন্ শত্রুভির্ন স হীয়তে।।২০
অনুবাদধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী — তাই গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্রময়ীরূপে প্রশংসিতা। যিনি বিষ্ণুপর্বাহে ও হরিবাসরে গীতাপাঠ করেন, তিনি নিদ্রায়, জাগরণে, গমনে, অবস্থানকালে শত্রুগণ তাঁহার কোনো ক্ষতি করিতে পারে না।
🏛️ পাঠের শুভস্থান ও ফলসমূহ
২১-২৩
শালগ্রামশিলায়াং বা দেবাগারে শিবালয়ে।
তীর্থে নদ্যাং পঠেদ্গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম্।।২১
দেবকীনন্দনঃ কৃষ্ণো গীতাপাঠেন তুষ্যতি।
যথা ন বেদৈর্দানেন যজ্ঞতীর্থব্রতাদিভিঃ।।২২
গীতাধীতা চ যেনাপি ভক্তিভাবেন চেতসা।
বেদশাস্ত্রপুরাণানি তেনাধীতানি সর্বশঃ।।২৩
অনুবাদশালগ্রামশিলার নিকটে, দেবালয়ে, শিবমন্দিরে, তীর্থে ও নদীতীরে গীতাপাঠ করিলে নিশ্চয়ই সৌভাগ্যলাভ হয়। বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থ-পর্যটন ও ব্রতাদির দ্বারা শ্রীকৃষ্ণ যেরূপ প্রসন্ন হন না, গীতাপাঠে সেরূপ প্রসন্ন হন। ভক্তিভাব চিত্তে যিনি গীতা অধ্যয়ন করেন, বেদ-পুরাণাদি সকল শাস্ত্রই তাঁহার পাঠ করা হইয়া থাকে।
২৪
যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসভাসু চ।
যজ্ঞে চ বিষ্ণুভক্তাগ্রে পঠন্ সিদ্ধিং পরাং লভেৎ।।২৪
অনুবাদযোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রামশিলায় ও অন্যান্য শিলাময় দেবতাস্থানে, সৎসভায়, যজ্ঞস্থলে এবং বিষ্ণুভক্তের নিকটে যিনি গীতা অধ্যয়ন করেন, তিনি পরম সিদ্ধিলাভ করিয়া থাকেন।
২৫-২৭
গীতাপাঠঞ্চ শ্রবণং যঃ করোতি দিনে দিনে।
ক্রতবো বাজিমেধাদ্যাঃ কৃতাস্তেন সদক্ষিণাঃ।।২৫
যঃ শৃণোতি চ গীতার্থং কীর্তয়ত্যেব যঃ পরম্।
শ্রাবয়েচ্চ পরার্থং বৈ স প্রয়াতি পরং পদম্।।২৬
গীতায়াঃ পুস্তকং শুদ্ধং যোহর্পয়ত্যেব সাদরাৎ।
বিধিনা ভক্তিভাবেন তস্য ভার্য্যা প্রিয়া ভবেৎ।।২৭
অনুবাদপ্রতিদিন গীতাপাঠ বা শ্রবণ করিলে দক্ষিণাসহ অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার্থ শ্রবণ করেন বা অপরকে শ্রবণ করান, তিনি পরমপদ প্রাপ্ত হন। শাস্ত্রবিধি অনুসারে ভক্তিভাবে গীতাপুস্তক দান করিলে তাঁহার পত্নী প্রিয়া হন।
২৮
যশঃ সৌভাগ্যমারোগ্যং লভতে নাত্র সংশয়ঃ।
দয়িতানাং প্রিয়ো ভূত্বা পরমং সুখমশ্নুতে।।২৮
অনুবাদনিশ্চয়ই তিনি যশ, সৌভাগ্য ও সুস্বাস্থ্য লাভ করেন এবং প্রিয়জনদের প্রিয় হইয়া পরম সুখলাভ করেন — ইহাতে কোনো সন্দেহ নাই।
🛡️ গীতাপাঠে রক্ষা ও মুক্তি
২৯-৩২
অভিচারোদ্ভবং দুঃখং বরশাপাগতঞ্চ যৎ।
নোপসর্পতি তত্রৈব যত্র গীতার্চনং গৃহে।।২৯
তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব ব্যাধির্ভবেৎ ক্বচিৎ।
ন শাপো নৈব পাপঞ্চ দুর্গতির্নরকং ন চ।।৩০
বিস্ফোটকাদয়ো দেহে ন বাধন্তে কদাচন।
লভেৎ কৃষ্ণপদে দাস্যং ভক্তিঞ্চাব্যভিচারিণীম্।।৩১
জায়তে সততং সখ্যং সর্বজীবগণৈঃ সহ।
প্রারব্ধং ভুঞ্জতে বাপি গীতাভ্যাসরতস্য চ।।৩২
অনুবাদপ্রতিনিয়ত যে গৃহে গীতার অর্চনা হয়, সেই গৃহে অভিচারজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্ট উপস্থিত হইতে পারে না। আধ্যাত্মিক-আধিভৌতিক-আধিদৈবিক তিনতাপজনিত পীড়া বা কোনো ব্যাধি হয় না, পাপ-দুর্গতি-নরকভয় কিছুই থাকে না। কাহারও দেহে বিস্ফোটকাদি পীড়া হয় না। তিনি শ্রীকৃষ্ণচরণে দাস্য ও একনিষ্ঠ ভক্তিলাভ করেন এবং সর্বজীবগণের সহিত সখ্যভাব প্রাপ্ত হন।
৩৩-৩৫
মহাপাপাতিপাপানি গীতাধ্যায়ী করোতি চেৎ।
ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনীদলমম্ভসা।।৩৩
অনাচারোদ্ভবং পাপমবাচ্যাদিকৃতঞ্চ যৎ।
অভক্ষ্যভক্ষ্যজং দোষমস্পর্শস্পর্শজং তথা।।৩৪
জ্ঞানাজ্ঞানকৃতং নিত্যমিন্দ্রিয়ৈর্জনিতঞ্চ যৎ।
তৎ সর্বং নাশমায়াতি গীতাপাঠেন তৎক্ষণাৎ।।৩৫
অনুবাদগীতাধ্যায়ী ব্যক্তি সর্বপ্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রে জলের ন্যায় উহা তাঁহাকে স্পর্শ করিতে পারে না। অনাচারজনিত, অবাচ্যকথনসম্ভূত, অভক্ষ্যভক্ষণজাত, অস্পৃশ্যস্পর্শজাত, জ্ঞান ও অজ্ঞানকৃত ইন্দ্রিয়জাত পাপসমূহ গীতাপাঠে তৎক্ষণাৎ বিনষ্ট হইয়া যায়।
৩৬
সর্বত্র প্রতিভোক্তা চ প্রতিগৃহ্য চ সর্বশঃ।
গীতাপাঠং প্রকুর্বাণো ন লিপ্যতে কদাচন।।৩৬
অনুবাদসকল স্থানে ভোজনকারী, সর্বত্র দানগ্রহণকারী ব্যক্তি গীতাপাঠ করিলে কোনো পাপে কখনও লিপ্ত হন না।
🌟 গীতাস্থানের মহিমা ও ভগবানের বাক্য
৩৭
রত্নপূর্ণাং মহীং সর্বাং প্রতিগৃহ্যাবিধানতঃ।
গীতাপাঠেন চৈকেন শুদ্ধস্ফটিকবৎ সদা।।৩৭
অনুবাদরত্নাদি পরিপূর্ণ পৃথিবী অবিধিপূর্বক গ্রহণ করিয়াও একবার মাত্র গীতাপাঠ করিলে স্ফটিকের ন্যায় শুদ্ধ থাকেন।
৩৮
যস্যান্তঃকরণং নিত্যং গীতায়াং রমতে সদা।
স সাগ্নিকঃ সদা জাপী ক্রিয়াবান্ স চ পণ্ডিতঃ।।৩৮
অনুবাদঅন্তঃকরণ যাঁহার সর্বদাই গীতায় অনুরক্ত, তিনি সাগ্নিক, সদা জপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত।
৩৯
দর্শনীয়ঃ স ধনবান্ স যোগী জ্ঞানবানপি।
স এব যাজ্ঞিকো যাজী সর্ববেদার্থদর্শকঃ।।৩৯
অনুবাদতিনিই দর্শনীয়, তিনিই ধনবান, তিনিই যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজক এবং তিনিই সর্ববেদার্থদর্শক।
৪০
গীতায়াঃ পুস্তকং যত্র নিত্যপাঠশ্চ বর্ততে।
তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে।।৪০
অনুবাদগীতাগ্রন্থ যে স্থানে থাকে ও নিত্য পাঠ হয়, সেই স্থানে প্রয়াগাদি পৃথিবীর সর্বতীর্থ বিরাজ করেন।
৪১-৪৩
নিবসন্তি সদা দেহে দেহশেষেহপি সর্বদা।
সর্বে দেবাশ্চ ঋষয়ো যোগিনো দেহরক্ষকাঃ।।৪১
গোপালো বালকৃষ্ণোহপি নারদধ্রুবপার্ষদৈঃ।
সহায়ো জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে।।৪২
যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা।
মোদতে তত্র শ্রীকৃষ্ণো ভগবান্ রাধয়া সহ।।৪৩
অনুবাদগীতাপাঠ-স্থানে মানবদেহে অবস্থিতিকালে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা, ঋষি ও যোগিগণ বাস করিয়া রক্ষা করেন। নারদ ও ধ্রুব প্রভৃতি ভক্তগণের সহিত বালকবেশী গোপালও সহায়রূপে উপস্থিত হন। গীতার বিষয়ে যে স্থানে আলোচনা ও পঠন-পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রীরাধার সহিত আনন্দে বিরাজ করেন।
💫 শ্রীভগবানুবাচ — গীতা আমার স্বরূপ
৪৪-৪৭
গীতা মে হৃদয়ং পার্থ! গীতা মে সারমুত্তমম্।
গীতা মে জ্ঞানমত্যুগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম্।।৪৪
গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদম্।
গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ।।৪৫
গীতাশ্রযেহহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম্।
গীতাজ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকীং পালয়াম্যহম্।।৪৬
গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়ঃ।
অর্দ্ধমাত্রাক্ষরা নিত্যমনির্বাচ্যপদাত্মিকা।।৪৭
ভগবানের বাক্যহে পার্থ! গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার, গীতা আমার অত্যুগ্র জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্যবস্তু, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়েই আমি অবস্থান করি, গীতা আমার পরম গৃহ — আমি গীতাজ্ঞান আশ্রয় করিয়া ত্রিলোক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরমা বিদ্যা।
🌺 গীতার গুহ্য নামসমূহ
৪৮
গীতানামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব।
কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ।।৪৮
অনুবাদহে পাণ্ডব! গীতার গুহ্য নামসমূহ শ্রবণ করো — যাহার কীর্তনে সর্বপাপ তৎক্ষণাৎ দূরীভূত হইয়া যায়।
শ্লোক ৪৯-৫১ — গীতার ১৮টি নাম
গীতা
গঙ্গা
সাবিত্রী
সীতা
সত্যা
পতিব্রতা
ব্রহ্মাবলি
ব্রহ্মবিদ্যা
ত্রিসন্ধ্যা
মুক্তিগেহিনী
অর্দ্ধমাত্রা
চিদানন্দা
ভবঘ্নী
ভ্রান্তিনাশিনী
বেদত্রয়ী
পরানন্দা
তত্ত্বার্থ
জ্ঞানমঞ্জরী
এই নামসমূহ যিনি স্থির হইয়া একাগ্রচিত্তে জপ করিবেন, তিনি ইহলোকে জ্ঞান ও সিদ্ধি লাভ করিবেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হইবেন।
📊 আংশিক পাঠের ফলসারণী
শ্লোক ৫২-৫৭ — কতটুকু পাঠ করিলে কী ফল
→
সূর্যলোকে শত মন্বন্তরকাল
অর্দ্ধশ্লোক স্মরণে মৃত্যু
→
পরম পদ প্রাপ্তি
"গীতা" বলিতে বলিতে মৃত্যু
→
সদ্গতিলাভ
→
বৈকুণ্ঠে বিষ্ণুর সহিত বাস
৫৮
গীতার্দ্ধমেকপাদঞ্চ শ্লোকমধ্যায়মেব চ।
স্মরংস্ত্যক্ত্বা জনো দেহং প্রয়াতি পরমং পদম্।।৫৮
অনুবাদগীতার অর্দ্ধশ্লোক, একটি পদ, একটি শ্লোক বা একটি অধ্যায় মাত্র স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিলে, তাঁহার পরম পদ প্রাপ্তি হয়।
৫৯
গীতার্থমপি পাঠং বা শৃণুয়াদন্তকালতঃ।
মহাপাতকযুক্তোহপি মুক্তিভাগী ভবেজ্জনঃ।।৫৯
অনুবাদঅন্তিমকালে যিনি গীতার অর্থ বা গীতাপাঠ শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হইবেন।
৬০
গীতাপুস্তকসংযুক্তঃ প্রাণাংস্ত্যক্ত্বা প্রয়াতি যঃ।
স বৈকুণ্ঠমবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে।।৬০
অনুবাদগীতাপুস্তকের সহিত সংযুক্ত হইয়া যিনি প্রাণত্যাগ করেন, বৈকুণ্ঠধামে গমন করিয়া তিনি বিষ্ণুর সহিত আনন্দে বাস করিয়া থাকেন।
৬১
গীতাধ্যায়সমাযুক্তো মৃতো মানুষতাং ব্রজেৎ।
গীতাভ্যাসং পুনঃ কৃত্বা লভতে মুক্তিমুত্তমাম্।।৬১
অনুবাদগীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া দেহত্যাগ করিলে মনুষ্য যোনিতে জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তিলাভ করেন।
৬২
গীতেত্যুচ্চারসংযুক্তো ম্রিয়মাণো গতিং লভেৎ।
যদ্যৎ কর্ম চ সর্বত্র গীতাপাঠপ্রকীর্তিমৎ।
তত্তৎ কর্ম চ নির্দোষং ভূত্বা পূর্ণত্বমাপ্নুয়াৎ।।৬২
অনুবাদ'গীতা' এই শব্দ উচ্চারণ করিতে করিতে মৃত্যু হইলে সদ্গতি লাভ হয়। গীতাপাঠপূর্বক যে যে কর্ম করা যায়, সেই সকল কর্মই নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে।
🎁 গীতাদান ও শ্রাদ্ধে গীতাপাঠ
৬৩
পিতৃনুদিশ্য যঃ শ্রাদ্ধে গীতাপাঠং করোতি হি।
সন্তুষ্টাঃ পিতরস্তস্য নিরয়াদ্যান্তি স্বর্গতিম্।।৬৩
অনুবাদশ্রাদ্ধকালে পিতৃগণের উদ্দেশে গীতাপাঠ করিলে পিতৃগণ সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন।
৬৪
গীতাপাঠেন সন্তুষ্টাঃ পিতরঃ শ্রাদ্ধতর্পিতাঃ।
পিতৃলোকং প্রয়ান্ত্যেব পুত্রাশীর্বাদতৎপরাঃ।।৬৪
অনুবাদপিতৃগণ শ্রাদ্ধে গীতাপাঠে তৃপ্ত হইয়া শ্রাদ্ধবাসরে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে গমন করেন।
৬৫
গীতাপুস্তকদানঞ্চ ধেনুপুচ্ছসমন্বিতম্।
কৃত্বা চ তদ্দিনে সম্যক্ কৃতার্থো জায়তে জনঃ।।৬৫
অনুবাদগীতাপুস্তক ধেনুপুচ্ছসমন্বিত (গোদানসহ) দান করিলে সেই দিনের মনের বাসনা পূর্ণত্ব প্রাপ্ত হয় এবং দাতা কৃতার্থ হন।
৬৬
পুস্তকং হেমসংযুক্তং গীতায়াঃ প্রকরোতি যঃ।
দত্ত্বা বিপ্রায় বিদুষে জায়তে ন পুনর্ভবম্।।৬৬
অনুবাদস্বর্ণসহ যিনি গীতাপুস্তক বিদ্বান ব্রাহ্মণকে দান করেন, তাঁহাকে আর পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না।
৬৭
শতপুস্তকদানঞ্চ গীতায়াঃ প্রকরোতি যঃ।
স যাতি ব্রহ্মসদনং পুনরাবৃত্তিদুর্লভম্।।৬৭
অনুবাদযিনি একশত গীতা দান করেন, তিনি ব্রহ্মলোকে গমন করেন — তাঁহাকে আর জন্মগ্রহণ করিতে হয় না।
৬৮
গীতাদানপ্রভাবেন সপ্তকল্পমিতাঃ সমাঃ।
বিষ্ণুলোকমবাপ্যান্তে বিষ্ণুনা সহ মোদতে।।৬৮
অনুবাদগীতাদানের প্রভাবে দাতা সপ্ত কল্পকাল বিষ্ণুলোকে গমন করিয়া বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন।
৬৯
সম্যক্ শ্রুত্বা চ গীতার্থং পুস্তকং যঃ প্রদাপয়েৎ।
তস্মৈ প্রীতঃ শ্রীভগবান্ দদাতি মানসেপ্সিতম্।।৬৯
অনুবাদযিনি সম্যকরূপে গীতার্থ শ্রবণ করিয়া গীতা দান করেন, শ্রীভগবান তাঁহার প্রতি প্রীত হইয়া সকল মনোভীষ্ট প্রদান করেন।
⚡ গীতানিন্দার ফল ও সমাপ্তি
৭০
দেহং মানুষমাশ্রিত্য চাতুর্বর্ণ্যেষু ভারত।
ন শৃণোতি ন পঠতি গীতামৃতরূপিণীম্।
হস্তাৎ ত্যক্ত্বামৃতং প্রাপ্তং স নরো বিষমশ্নুতে।।৭০
অনুবাদযে ব্যক্তি মনুষ্যদেহ ধারণ করিয়া অমৃতময়ী গীতা শ্রবণও করে না এবং পাঠও করে না, সে হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে।
৭১
জনঃ সংসারদুঃখার্তো গীতাজ্ঞানং সমালভেৎ।
পীত্বা গীতামৃতং লোকে লব্ধা ভক্তিং সুখী ভবেৎ।।৭১
অনুবাদসংসারদুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে গীতামৃত পান ও ভক্তিলাভ করিয়া সুখী হন।
৭২
গীতামাশ্রিত্য বহবো ভূভুজো জনকাদয়ঃ।
নির্ধূতকল্মষা লোকে গতাস্তে পরমং পদম্।।৭২
অনুবাদজনকাদি বহু রাজা গীতাকে আশ্রয় করিয়া নিষ্পাপ হইয়া দেহান্তে পরম পদ পাইয়াছেন।
৭৩
গীতাসু ন বিশেষোহস্তি জনেষু উচ্চারকেষু চ।
জ্ঞানেষ্বেব সমগ্রেষু সমা ব্রহ্মস্বরূপিণী।।৭৩
অনুবাদগীতাজ্ঞান বিষয়ে উচ্চ-নীচ কোনো প্রভেদ নাই — ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান অর্থাৎ ব্রহ্মজ্ঞানেরই সমান।
৭৪
যোহভিমানেন গর্বেণ গীতানিন্দাং করোতি চ।
স যাতি নরকং ঘোরং যাবদাহূতসংপ্লবম্।।৭৪
অনুবাদযে ব্যক্তি অভিমান বা গর্বের বশবর্তী হইয়া গীতার নিন্দা করে, তাহাকে প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করিতে হয়।
৭৫
অহঙ্কারেণ মূঢ়াত্মা গীতার্থং নৈব মন্যতে।
কুম্ভীপাকেষু পচ্যেত যাবৎ কল্পক্ষয়ো ভবেৎ।।৭৫
অনুবাদযে মূঢ়াত্মা অহঙ্কারের বশে গীতার্থ মান্য করে না, যাবৎ কল্পক্ষয় না হয় তাহাকে কুম্ভীপাক নরকে পচিতে হয়।
৭৬
গীতার্থ বাচ্যমানং যো ন শৃণোতি সমীপতঃ।
স শূকরভবাং যোনিমনেকামধিগচ্ছতি।।৭৬
অনুবাদগীতার ব্যাখ্যা চলার সময় নিকটে থাকিয়াও যে শ্রবণ করে না, তাহাকে বহুবার শূকর যোনি প্রাপ্ত হইতে হয়।
৭৭
চৌর্য্যং কৃত্বা চ গীতায়াঃ পুস্তকং যঃ সমানয়েৎ।
ন তস্য সফলং কিঞ্চিৎ পঠনঞ্চ বৃথা ভবেৎ।।৭৭
অনুবাদযে ব্যক্তি গীতাপুস্তক চুরি করিয়া আনে, তাহার সবই নিষ্ফল হয়। তাহার গীতাপাঠেও কোনো ফল হয় না।
৭৮
যঃ শ্রুত্বা নৈব গীতার্থং মোদতে পরমার্থতঃ।
নৈব তস্য ফলং লোকে প্রমত্তস্য যথা শ্রমঃ।।৭৮
অনুবাদগীতার্থ শ্রবণপূর্বক যে ব্যক্তি পরমার্থ বিষয়ে আনন্দ লাভ না করে, উন্মত্ত ব্যক্তির বৃথা পরিশ্রমের ন্যায় ইহলোকে তাহার ফল লাভ হয় না।
📜 গীতামাহাত্ম্য পাঠের নির্দেশ
৮১-৮৪
মাহাত্ম্যমেতদ্গীতায়াঃ কৃষ্ণপ্রোক্তং পুরাতনম্।
গীতান্তে পঠতে যস্তু যথোক্তফলভাগ্ ভবেৎ।।৮১
গীতায়াঃ পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব যঃ পঠেৎ।
বৃথা পাঠফলং তস্য শ্রম এব উদাহৃতঃ।।৮২
এতন্মাহাত্ম্যসংযুক্তং গীতাপাঠং করোতি যঃ।
শ্রদ্ধয়া যঃ শৃণোত্যেব পরমাং গতিমাপুয়াৎ।।৮৩
শ্রুত্বা গীতামর্থযুক্তাং মাহাত্ম্যং যঃ শৃণোতি চ।
তস্য পুণ্যফলং লোকে ভবেৎ সর্বসুখাবহম্।।৮৪
অনুবাদগীতাপাঠ অন্তে এই পুরাতন গীতামাহাত্ম্য যিনি পাঠ করেন, তিনিই পাঠের যথোক্ত ফল লাভ করিয়া থাকেন। গীতাপাঠ করিয়া গীতামাহাত্ম্য পাঠ না করিলে পাঠ বৃথা শ্রমমাত্রই হয়। গীতামাহাত্ম্যসহ গীতাপাঠ করিলে বা শ্রদ্ধার সহিত শ্রবণ করিলে পরমাগতি লাভ হয়। গীতার ব্যাখ্যা শ্রবণপূর্বক মাহাত্ম্যও শ্রবণ করিলে তাঁহার পুণ্যফল ত্রিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে।
🕉️
ইতি শ্রীবৈষ্ণবীয়-তন্ত্রসারোক্ত
শ্রীমদ্ভগবদ্গীতামাহাত্ম্যম্ সমাপ্তম্।
হরি ওঁ তৎ সৎ
গীতাপাঠ করিয়া এই মাহাত্ম্য পাঠ করুন — তবেই পূর্ণফল লাভ।